© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের জন্মদিন

শেয়ার করুন:
আজ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় মুখ থেকে ধীরে ধীরে বড় পর্দায় নিজের জায়গা তৈরি এই পথচলার মধ্যেই আজ নতুন এক অধ্যায়ে পা রাখলেন মেহজাবীন চৌধুরী। আজ তার জন্মদিন। ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক মাধ্যম, আর ফিরে দেখা হচ্ছে তার দীর্ঘ অভিনয়যাত্রার নানা বাঁক।

চট্টগ্রামে পৈতৃক নিবাস হলেও শৈশব ও বেড়ে ওঠা দুবাইয়ে। সেখান থেকেই স্বপ্ন দেখা, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দেশে ফিরে আলোচনায় আসা। ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’ দিয়ে শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।



বিজ্ঞাপনচিত্র থেকে টেলিভিশন নাটক প্রতিটি মাধ্যমে নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করেছেন মেহজাবীন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছেন নির্মাতাদের ভরসার নাম, আর দর্শকদের কাছে প্রিয় মুখ। বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

তবে তার অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে গত বছর, যখন ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। ছোটপর্দার সাফল্যকে সঙ্গে নিয়েই চলচ্চিত্রে পা রেখে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। সেই যাত্রাও ইতিমধ্যে দর্শকমহলে আলোচনার জন্ম দিয়েছে।

জন্মদিনে তাই শুধুই উদযাপন নয়, এটি যেন তাঁর অর্জন, সংগ্রাম আর সম্ভাবনার এক সম্মিলিত প্রতিচ্ছবি। ছোটপর্দা থেকে বড় পর্দা প্রতিটি ধাপেই নিজেকে প্রমাণ করে চলা এই অভিনেত্রীর সামনে যে আরও অনেক পথচলা বাকি, তা বলাই যায়।


পিআর/টিকে


মন্তব্য করুন