বাংলাদেশের বিমানবন্দরে ক্যালিব্রেশন সেবা দিতে চায় জার্মানি
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
বাংলাদেশের বিমানবন্দরের নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেম আধুনিকায়নে আগ্রহ দেখিয়েছে জার্মানি। এ লক্ষ্যে জার্মান কোম্পানি অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস দেওয়ার প্রস্তাব দিয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্জ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত জানান, জার্মানির প্রতিষ্ঠান অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে আগ্রহী। এই সার্ভিসের মাধ্যমে বিমানবন্দরের নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেমের কার্যকারিতা আকাশপথে পরীক্ষা করে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়, যা ফ্লাইট নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বিমান খাতকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দেশের বিমানবন্দরগুলোকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলা হবে।
রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ইউটি/টিএ