আবারও আইটেম গানে নজর কাড়েন কৃতি
ছবি: সংগৃহীত
০৫:৫২ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
বলিউডে আইটেম গানের নতুন চমক নিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী কৃতি শ্যানন। ক্যারিয়ারের শুরুতে আইটেম গানে খুব একটা দেখা না গেলেও, ‘মিমি’ ছবির ‘পরম সুন্দরী’ গান দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় আয়োজনে ফিরছেন এই অভিনেত্রী।
আসন্ন সিনেমা হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়ে একটি বিশেষ গানে পারফর্ম করতে যাচ্ছেন কৃতি। সেখানে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। বলিউডে এই জুটির অনস্ক্রিন উপস্থিতি বরাবরই দর্শকদের কাছে আকর্ষণীয়- যা আগেও প্রমাণ হয়েছে ভেড়িয়া ছবিতে।

নতুন এই ছবিতে মূলত রোমান্টিক গল্পের আবহ তৈরি করা হয়েছে। পরিচালক ডেভিড ধাওয়ান তার স্বকীয় স্টাইলে পুরনো দিনের প্রেমের আমেজ ফিরিয়ে আনতে চেয়েছেন। ছবিতে আরও অভিনয় করছেন মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে।
তবে ছবির বড় চমক রাখা হয়েছে শেষাংশে। পোস্ট-ক্রেডিট দৃশ্যে বরুণ-কৃতির এক ঝলমলে আইটেম গান দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। নির্মাতারা মনে করছেন, এই গানটি সিনেমা মুক্তির পর আলাদা করে দর্শকপ্রিয়তা পেতে পারে।
আগামী ২২ মে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই বলিউড-প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে কৃতি শ্যাননের এই নতুন আইটেম গান কতটা আলোড়ন তোলে, সেটিই এখন দেখার বিষয়।
এসএ/এসএন