© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপস্থাপনা থেকে অভিনয়, কেমন করলেন সারা ?

শেয়ার করুন:
উপস্থাপনা থেকে অভিনয়, কেমন করলেন সারা ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন সারা ফ্যায়রুজ যাইমা। প্রাণবন্ত উপস্থাপনা, সাবলীল ভঙ্গি এবং আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে অল্প সময়েই তিনি পরিচিতি পেয়ে যান। পর্দার উপস্থাপক থেকে অভিনয়শিল্পী হয়ে গেছেন সারা। প্রথমবারের মতো অভিনয় করলেন ওয়েব ফিল্মে। অভিষেকে কেমন করলেন তিনি?

সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’-তে অভিনয় করেছেন সারা ফ্যায়রুজ যাইমা। সেখানে প্রীতম হাসান ও জেফার রহমানের সহশিল্পী হিসেবে দেখা গেছে সারাকে। কাজের অভিজ্ঞতা জানিয়ে যাইমা বলেন, ‘জীবনে সবকিছু পরিকল্পনা করে হয় না। অভিনয়ে আমার তেমন আগ্রহ ছিল না। আমার পেশা সাংবাদিকতা ও উপস্থাপনা। তবে কখনই যে অভিনয় করার আগ্রহ হয়নি, তা বললে ভুল হবে। সেই সঙ্গে এটাও বলতে হয়, কিছু মানুষকে উপেক্ষা করা যায় না।’

হঠাৎ করেই নির্মাতা শিহাব শাহিনের কাছ থেকে প্রস্তাব পান সারা। তার ভাষায়, ‘গত বছর একদিন হুট করেই শিহাব ভাইয়ের ফোন এলো। জানতে চাইলেন, আমি ফ্রি আছি কি না, দুপুরে দেখা করতে যেতে বললেন। আমি তো সারাজীবন বলেছি, অভিনয় করতে চাই না। কিন্তু আমার স্বামীর দেখি দারুণ আগ্রহ। তার ওপর শিহাব শাহিন বলে কথা! সে নিজে ইন্ডাস্ট্রির মানুষ না হয়েও ভালো কাজের ভক্ত। আমাকে একপ্রকার জোর করেই পাঠালো। বলল, ভালো কাজ হলে কেন নয়, কাজ তো কাজই!’



স্বামীর এমন উৎসাহ এবং ভালো কাজের সুযোগের প্রতি আগ্রহ থেকেই শেষ পর্যন্ত রাজি হন যাইমা। তিনি বলেন, ‘তার কথাগুলো শুনে দারুণ ভালো লাগা আর আগ্রহ নিয়ে কাজটা করতে রাজি হয়ে গেলাম।’ ‘তুমি আমি শুধু’ ফিল্মে অভিনয় প্রসঙ্গে যাইমা জানান, বড় চরিত্র নয়, তাতে কী? ছোট পরিসর থেকেই শুরু করা গেল। তবে অভিজ্ঞতা ছিল উপভোগ্য।

সারা বলেন, ‘জানি না দর্শকদের কেমন লাগবে, তবে সাপোর্ট করার জন্য প্রথম ধন্যবাদটা আমার স্বামী রাশেদ হাসানকে দিতে চাই। কাজের সুযোগ করে দেওয়ার জন্য শিহাব শাহিন ভাইকে দ্বিতীয় ধন্যবাদ। আর যতটুকু অভিনয় করেছি, তার জন্য প্রীতম হাসানকে অসংখ্য ধন্যবাদ। শুরু থেকেই ছেলেটা আমার খুব পছন্দের। অভিনয়ের ক্ষেত্রে সে দারুণ সাপোর্টিভ ছিল।’ এখন সবার কাছে তিনি জানতে চাইছেন, কেমন করলেন তিনি?

এসএ/এসএন

মন্তব্য করুন