কুয়েতে কারাভোগ, শাহজালাল বিমানবন্দরে এসে মারা যান সাগর
ছবি: সংগৃহীত
০৭:২৪ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
বৈধ কাগজপত্র না থাকায় কুয়েতে কারাভোগ করেন নুরুল ইসলাম সাগর (৩৫)। কারাভোগ শেষে শনিবার (১৮ এপ্রিল) রাতে তাকে বাংলাদেশগামী ফ্লাইটে ফেরত পাঠানো হয়। রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাগর। এরপর হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়।
পরে বিমানবন্দর পুলিশ তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ২টার দিকে তিনি মারা যান।
মৃত নুরুল ইসলাম সাগর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
স্থানীয়রা জানায়, গত বছরের আগস্টে জীবিকার সন্ধানে কুয়েতে যান সাগর।
বৈধ কাগজপত্র না থাকায় সেখানে পুলিশ তাকে আটক করে ১৫ দিন কারাভোগের পর বাংলাদেশে পাঠানো হয়।
সাগরের পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। সাগরের ছোট বোন শেফালী আক্তার আরজু বলেন, ‘তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু মানসিক চাপে ছিলেন।’
সাগরের বাবা মো. শাহজাহান জানান, বিমানবন্দরে মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকায় রওনা দেন।
রবিবার দুপুরে তার লাশ নিজ বাড়িতে এসে পৌঁছায়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মরদেহ পারিবারিকভাবে হস্তান্তর ও দাফনের প্রক্রিয়া চলছে। রবিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।’
টিজে/টিএ