পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোন প্রকল্প নয়: শেখ রবিউল আলম
ছবি: সংগৃহীত
০৪:১৭ এএম | ২০ এপ্রিল, ২০২৬
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রামবাসীর পরিবেশের ক্ষতি করে, সেই সাথে চট্টগ্রামবাসীকে অস্থিরতায় রেখে, ঝুঁকির মধ্যে রেখে কোন প্রকল্প হবে না। সিআরবিতে হাসপাতাল করার চিন্তাভাবনা এখনও সরকারের নেই। যারা আন্দোলন করছে সেটা তাদের একান্ত ব্যাপার। সরকারের কোন দুর্বলতা নেই।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, এর চেয়ে আরও বেশি জনবান্ধব, আরও বেশি চট্টগ্রামের জন্য প্রয়োজনীয় প্রকল্প বিবেচনা করে দেখা যেতে পারে।
রবিউল আলম বলেন, এ জায়গায় হসপিটাল করতে যাচ্ছে বা বাধ্য করবে, এ রকম কোনো তথ্য আমার কাছে নেই।
তিনি বলেন, আমাদের সরকারের কোনো সিদ্ধান্ত নেই। ওই সরকারের (আওয়ামী লীগ) আমলে যতটুকু অগ্রগতি হয়েছিল, আমরা ওইটা নিয়ে কাজ করতে যাচ্ছি, ওই রকম কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যাদের সাথে পিপিপি করতে অগ্রসর হয়েছিল, সেটা করতে যাচ্ছি এরকম বিষয় না।
রেলমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আমাকে বলেছেন, আপনি আজকে যে জায়গাটা দেখতে যাবেন, ওই রেলের জায়গাটা নিয়ে একসময় কিছু মানুষ আন্দোলন করেছিল। তারা হসপিটালটা ওরকমভাবে ওইখানে চায় না। হসপিটাল চায় না, মানুষের ইচ্ছা থাকতেই পারে। পরিবেশ নিয়ে কনসার্ন থাকতেই পারে। কোনোকিছু যদি যৌক্তিক হয়, তাহলে সরকার অবশ্যই বিবেচনা করবে।
রেলমন্ত্রী বলেন, অতীতে এখানে প্রথমে ২০০ শয্যার এবং পরে ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব পিপিপি পদ্ধতিতে এসেছিল এবং তা অনুমোদনও পেয়েছিল। তবে সে সময় কিছু মানুষের আপত্তির কারণে প্রকল্পটি এগোয়নি।তাদের মতে, সিআরবি চট্টগ্রামের ফুসফুস ও অক্সিজেন সরবরাহের উৎস- এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণেই তৎকালীন সরকার প্রকল্পটি আর এগিয়ে নিতে পারেনি।
তিনি জানান, চট্টগ্রামের স্টেকহোল্ডার, নাগরিক সমাজ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের একটি প্রস্তাব সংসদীয় স্থায়ী কমিটির পর্যায়ে ছিল। তবে বর্তমান সরকার এখনো সেটি বিবেচনায় নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
তিনি বলেন, পিপিপি প্রকল্পের প্রক্রিয়ায় ডিপোজিটও করা হয়েছিল। ভবিষ্যতে কী করা হবে-তা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। সরকার প্রকল্পটি বাস্তবায়ন করবে কি না, করলে কোন প্রক্রিয়ায় করবে-এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি।
বিকল্প কোনো হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেই জানিয়ে মন্ত্রী বলেন, আগের প্রস্তাবে বলা হয়েছিল- কোনো বৃক্ষের ক্ষতি না করে এবং বিদ্যমান অবস্থা অক্ষুণ্ন রেখে সম্ভাবনা থাকলে হাসপাতাল নির্মাণ করা হবে। তবে বর্তমান সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
রেলমন্ত্রী বলেন, এই জায়গায় হাসপাতাল নির্মাণে সরকার বাধ্য বা অগ্রসর হচ্ছে এমন কোনো অবস্থা নেই। ভবিষ্যতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়েই নেয়া হবে।
রেলমন্ত্রী সবশেষে বলেন, বর্তমান সরকারের সময়ে রেলওয়ের কোনো জায়গা লিজ দিয়ে বাণিজ্যিক বা সুবিধাভোগী স্থাপনা করার সুযোগ নেই।
এদিকে, সিআরবিতে হাসপাতাল নির্মাণ উদ্যোগের প্রতিবাদে সমাবেশ করেছে সিআরবি রক্ষা মঞ্চ। রোববার সকালে সিআরবি সাত রাস্তার মোড়ে এ সমাবেশ হয়।
আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের সিআরবি এ শহরের ফুসফুস। এই সিআরবি প্রাণ-প্রকৃতির আধার। শুধু উন্মুক্ত পরিসর নয়, একই সঙ্গে এখানে বিপুল পরিমাণ ঔষধি গাছ রয়েছে। তাই এখানে হাসপাতালের মতো কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা করা যাবে না। বুকের রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করা হবে।
সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক চিকিৎসক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসকে/টিএ