আজ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:৩৩ এএম | ২০ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ সোমবার প্রথমবারের মতো বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী নানা কর্মসূচি শেষে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। একই সঙ্গে বগুড়ার দেড় শ বছরের পুরনো পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সকাল ৬টায় সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন।
সকাল ১১টায় তিনি জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন এবং ই-বেলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। দুপুর পৌনে ১টায় বাগবাড়ীতে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় ভাষণ দেবেন।
পরে ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন, ৫টা ৫০ মিনিটে বগুড়ার বায়তুল রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যায় তিনি সড়কপথে ঢাকায় ফিরবেন।
আজ বগুড়ার দেড় শ বছরের পুরনো পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন জানান, সিটি করপোরেশন বাস্তবায়িত হলে নাগরিক দুর্ভোগ কমবে।
আইনজীবীদের জন্য নবনির্মিত আধুনিক বার ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর জেলা ও দায়রা জজ আদালতে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ (ইলেকট্রনিক জামিননামা) ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। বগুড়া থেকেই এই ডিজিটাল জামিন প্রক্রিয়া পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, সমাবেশস্থল ও আশপাশ এলাকা সংস্কারের পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
দীর্ঘ দুই দশক পর বগুড়ায় নিজের পৈতৃক ভিটা বাগবাড়ীতে যাবেন তারেক রহমান। প্রশাসনের একটি প্রতিনিধিদল এরই মধ্যে বাগবাড়ী এলাকা পরিদর্শন করেছে। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘তারেক রহমান বগুড়ার জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্প হাতে করে নিয়ে আসছেন। তিনি বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ আরো অনেক কর্মসূচিতে অংশ নেবেন।’
আরআই/টিএ