অভিনয়ে নয়, ব্যবসায় মন আনুশকার!
ছবি: সংগৃহীত
০১:৪৬ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
রূপালি পর্দার গ্ল্যামারের বাইরে আজকের তারকারা নিজেদের ভবিষ্যৎকে আরও মজবুত করতে ঝুঁকছেন ব্যবসার দিকেও। অভিনয়ের পাশাপাশি বিকল্প আয়ের পথ তৈরি করা এখন যেন এক নতুন প্রবণতা। বলিউডের একাধিক তারকা দম্পতি এই দিকেই নজির গড়েছেন, যেখানে ভালোবাসার বন্ধনের সঙ্গে জুড়ে গেছে সফল ব্যবসায়িক অংশীদারিত্বও।
এই তালিকার প্রথমেই উঠে আসে শাহরুখ খান ও গৌরী খান এর নাম। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা গড়ে তোলা থেকে শুরু করে বিনোদন প্রযুক্তিতে বিনিয়োগ সব ক্ষেত্রেই তাঁদের উপস্থিতি চোখে পড়ার মতো। একই সঙ্গে ক্রীড়া জগতেও তাঁদের পদচারণা রয়েছে, যা এই দম্পতিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

অন্যদিকে আনুশকা শর্মা ও বিরাট কোহলির জুটিও এখন ব্যবসায়িক সাফল্যের আলোচনায়। অভিনয় থেকে কিছুটা দূরে সরে এসে আনুশকা এখন পরিবার ও ব্যবসা দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দিচ্ছেন। নিজস্ব প্রযোজনা সংস্থা ও পোশাক ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন বিনিয়োগেও সক্রিয় তিনি। অন্যদিকে বিরাটও নিজের ব্র্যান্ড ও বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়িক পরিচয় গড়ে তুলেছেন।
ব্যতিক্রম নন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নাও। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, প্রযুক্তি খাতে বিনিয়োগ সব মিলিয়ে বহুমুখী ব্যবসায় জড়িয়ে রয়েছেন তারা। টুইঙ্কেল নিজেও লেখালেখির পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগে যুক্ত, যা এই দম্পতির আয় ও প্রভাবকে আরও বিস্তৃত করেছে।
একইভাবে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার ক্ষেত্রেও ব্যবসাই এখন প্রধান ভরসা। ফিটনেস, পোশাক, রেস্তোরাঁ বিভিন্ন ক্ষেত্রে তাদের বিনিয়োগ রয়েছে। আন্তর্জাতিক ব্যবসার সঙ্গেও যুক্ত এই দম্পতি, যা তাঁদের আর্থিক শক্তিকে আরও সুদৃঢ় করেছে।
এ ছাড়া এমনও অনেক অভিনেত্রী রয়েছেন, যারা নিজেরা সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত না থাকলেও তাদের জীবনসঙ্গীরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। যেমন সোনম কাপুর এর স্বামী আনন্দ অহুজা, জুহি চাওলার স্বামী জয় মেটা কিংবা আসিন এর স্বামী রাহুল শর্মা যাদের মাধ্যমে ব্যবসার জগতে তাদের পরোক্ষ উপস্থিতি রয়েছে।
সব মিলিয়ে স্পষ্ট, আজকের বলিউডে শুধু অভিনয়ই শেষ কথা নয়। তারকারা বুঝে গিয়েছেন, দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য প্রয়োজন বহুমুখী উদ্যোগ। আর সেই ভাবনা থেকেই গড়ে উঠছে এমন সব তারকা দম্পতি, যারা ভালোবাসা ও ব্যবসা দুই ক্ষেত্রেই সমান সফল।
পিআর/টিকে