© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

শেয়ার করুন:
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সংস্থাটি।

সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আল-আমিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারান্তরীণ আসামি পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজহারে বলা হয়, অভিযুক্ত জুনাইদ আহমেদ পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আট কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। একইসঙ্গে নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি চার লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটন করেছেন।

এবি/টিএ

মন্তব্য করুন