© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তির আগে প্রদর্শনী কেমন হলো মাইকেল জ্যাকসনের বায়োপিক?

শেয়ার করুন:
মুক্তির আগে প্রদর্শনী কেমন হলো মাইকেল জ্যাকসনের বায়োপিক?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
এই প্রদর্শনীতে উপস্থিত দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া ছিল বেশ ইতিবাচক। বিশেষ করে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন মাইকেলের ভূমিকায় অভিনয় করা জাফর জ্যাকসন। নিজের অভিনয়, কণ্ঠস্বর, নাচের ভঙ্গি সব মিলিয়ে তিনি যেন পর্দায় জীবন্ত করে তুলেছেন তাঁর কিংবদন্তি চাচাকে। দর্শকদের অনেকেই মনে করছেন, মাইকেলের সেই স্বতন্ত্র উপস্থিতি ও আবেগকে নিখুঁতভাবে তুলে ধরতে পেরেছেন জাফর।

প্রদর্শনী শেষে দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানানো হয় তাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যাকসন পরিবারের একাধিক সদস্যও, যা এই মুহূর্তকে আরও বিশেষ করে তোলে। সামাজিক মাধ্যমেও ছবিটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ তো একে ‘শতাব্দীর সেরা সিনেমা’ বলেও উল্লেখ করছেন।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এন্টোইন ফুকা, যিনি মাইকেলের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে পর্দায় জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন। একাধিক সমালোচকের মতে, চরিত্রের শারীরিক ভাষা ও আবেগ ফুটিয়ে তুলতে তিনি জাফরকে যেভাবে ব্যবহার করেছেন, তা দীর্ঘদিন দর্শকের মনে থেকে যাবে।

তবে সবকিছুই যে একেবারে মসৃণ, তা নয়। ছবিটি ঘিরে কিছু বিতর্কও তৈরি হয়েছে। মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা পুরনো অভিযোগগুলো প্রথমে চিত্রনাট্যে রাখার পরিকল্পনা থাকলেও, আইনি জটিলতা এবং পরিবারের আপত্তির কারণে পরে তা বাদ দেওয়া হয়। এই পরিবর্তনের ফলে ছবির নির্মাণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।



প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট আশা করছে, বিশ্বজুড়ে ছবিটি বড় সাফল্য পাবে। পূর্বাভাস অনুযায়ী আয় যদি প্রত্যাশা ছুঁতে পারে, তবে সংগীতভিত্তিক জীবনীচিত্রের ইতিহাসে এটি অন্যতম শীর্ষস্থানে জায়গা করে নিতে পারে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাইকেল’। এখন দেখার বিষয়, পর্দায় এই কিংবদন্তির জীবন কতটা ছুঁতে পারে দর্শকের হৃদয়।


পিআর/টিকে

মন্তব্য করুন