‘ধুরন্ধর ৩’ কি সত্যিই আসছে? জল্পনার মাঝে মুখ খুললেন রাকেশ বেদী
ছবি: সংগৃহীত
০৩:৩৬ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
সাফল্যের জয়যাত্রা অব্যাহত 'ধুরন্ধর ২'-এর। একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। গড়ছে নতুন নতুন মাইলফলক। স্বাভাবিক ভাবেই দর্শক চাইছে 'ধুরন্ধর ২'-এর পরবর্তী পর্ব আসুক। শোনা যাচ্ছে, 'ধুরন্ধর ৩' নাকি সত্যিই আসবে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে এই জল্পনার সত্যতা নিয়ে। এই পরিস্থিতিতে মুখ খুললেন অভিনেতা রাকেশ বেদী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, আপাতত তৃতীয় পর্বের কোনও পরিকল্পনা নেই। তাঁর কথায়, ‘ধুরন্ধর’-এর গল্প শুরু থেকেই দুই ভাগে বলার পরিকল্পনা ছিল। ফলে দ্বিতীয় পর্বেই কাহিনির পরিসমাপ্তি ঘটানোর কথা ভেবেছিলেন নির্মাতারা।

এই প্রসঙ্গে অভিনেতা আরও জানান, ছবির পরিচালক আদিত্য ধর শুরু থেকেই গল্পটিকে দু’ভাগে ভাগ করে উপস্থাপন করতে চেয়েছিলেন। সেই অনুযায়ীই ‘ধুরন্ধর’ ও তার সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ তৈরি হয়েছে। আপাতত তৃতীয় পর্বের সম্ভাবনা নিয়ে যে জল্পনা চলছে, তাতে জল ঢেলেছেন অভিনেতা।
যদিও ছবির বিপুল জনপ্রিয়তা এবং বক্স অফিসে সাফল্যের কারণে ভবিষ্যতে নির্মাতারা নতুন সিদ্ধান্ত নিতেই পারেন। এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, এই স্পাই-থ্রিলার ফ্র্যাঞ্চাইজ়িতে রণবীর সিংয়ের অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি রাকেশ বেদীর অভিনীত চরিত্রও দর্শকে মনে আলাদা করে দাগ কেটেছে।সব মিলিয়ে ‘ধুরন্ধর ৩’ নিয়ে এখনই নিশ্চিত কিছু না থাকলেও, দর্শকেরা চাইছেন নতুন ভাবে আবার ফিরুক এই ছবি।
এসএ/টিকে