হাজার গোল থেকে আর মাত্র ৩১ ধাপ দূরে রোনালদো
ছবি: সংগৃহীত
০৩:৪৭ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদো আগেই প্রমাণ করেছেন বয়স তার কাছে শুধুই একটা সংখ্যা। আল নাসরের জার্সিতে গোলের ফল্গুধারা ছুটিয়েই চলেছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদোর গোলে ম্যাচ শুরু করা আল নাসর ৪-০ গোলে আল ওয়াসলকে উড়িয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ–২'এর সেমিফাইনালে উঠে গেছে।
এই গোল করে ক্যারিয়ারে নিজের মোট গোলসংখ্যা ৯৬৯-এ নিয়ে গেছেন রোনালদো। পাশাপাশি গ্যালারি থেকে লিওনেল মেসির নাম ধরে স্লোগান দেওয়া সমর্থকদের দিকেও ইশারায় জবাব দেন তিনি।
রিয়াল মাদ্রিদের সাবেক তারকার এটি ছিল মৌসুমের ২৬তম গোল। ম্যাচের ১১তম মিনিটে ডান দিক থেকে নাওয়াফ বউশালের বাড়ানো বল পেনাল্টি বক্সের ভেতরে পেয়ে গোলটি করেন ৪১ বছর বয়সী রোনালদো।

এরপর থেকেই পুরো ম্যাচে আধিপত্য দেখায় সৌডঃই ক্লাবটি। ২৪তম মিনিটে ইনিগো মার্টিনেজ জোয়াও ফেলিক্সের পাস থেকে করেন দ্বিতীয় গোল। মাত্র দুই মিনিট পর ফেলিক্সের আরেকটি পাস থেকে ম্যাচের তৃতীয় গোল করেন আব্দুলেলাহ আল আমরি।
চতুর্থ ও শেষ গোলটি করেন সাদিও মানে। এই গোলে সহায়তা করেন আব্দুল্লাহ এল হামদান।
এই জয়ে সেমিফাইনালে উঠে গেছে আল নাসর। আল আহলি দোহা ও আল হুসেইনের মধ্যকার ম্যাচের বিজয়ী সেমিফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ হবে।
এদিকে ক্যারিয়ারে ৯৬৯ গোল করে কাঙ্ক্ষিত ১০০০ গোলের মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন রোনালদো। আসন্ন বিশ্বকাপ ফুটবল সামনে রেখে পর্তুগিজ মহাতারকা এখন দারুণ ছন্দে রয়েছেন।
টিজে/টিএ