© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন’ মনোনয়ন না পেয়ে কনকচাঁপার মন্তব্য

শেয়ার করুন:
‘আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন’ মনোনয়ন না পেয়ে কনকচাঁপার মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেননি জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। মনোনয়ন না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

আজ (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দেওয়া এক স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, ‘প্রিয় বিশ্ববাসী, আস সালামু আলাইকুম। জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।’

তিনি আরও লেখেন, ‘গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও নাম নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই কণ্ঠশিল্পী বলেন, ‘আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশাকরি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকী আছে।’ 

দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কনকচাঁপা লেখেন, ‘ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন কনকচাঁপা। তবে চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে নিজের অবস্থান ও অনুভূতি প্রকাশ করলেন এই সংগীতশিল্পী।


ইউটি/টিএ

মন্তব্য করুন