রেসলিং থেকে অবসর নিলেন ব্রক লেসনার!
ছবি: সংগৃহীত
০৬:৪২ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
দুই দশকেরও বেশি সময় ধরে রেসলিং দুনিয়া শাসন করা ব্রক লেসনার অবশেষে বিদায়ের ইঙ্গিত দিলেন। সোমবার (২০ এপ্রিল) ডব্লিউডব্লিউই-এর সবচেয়ে জনপ্রিয় পে-পার ভিউ রেসালমেনিয়া ৪২-এ ওবা ফেমিরর কাছে হারার পর রিংয়ের মাঝেই নিজের গ্লাভস ও বুট খুলে রেখে দেন লেসনার—যা সাধারণত অবসরের প্রতীক হিসেবেই দেখা হয়।
ম্যাচ শেষে লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে নেমে আসে আবেগঘন পরিবেশ। দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান এই কিংবদন্তিকে। দীর্ঘ ক্যারিয়ারে শক্তি, গতি এবং আগ্রাসী পারফরম্যান্সের জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন লেসনার। ডব্লিউডব্লিউই'তে তার আধিপত্য ছিল স্পষ্ট, যেখানে তিনি একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
তবে ম্যাচের পরপরই লেসনারের ম্যানেজার পল হেইম্যান অবসরের গুঞ্জনকে ততটা গুরুত্ব দিতে চাননি। তিনি জানান, বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা ঠিক হবে না। কিন্তু বিভিন্ন সূত্রের দাবি, এটিই ছিল লেসনারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

২০০০-এর দশকের শুরুতে অভিষেকের পর থেকেই রেসলিং জগতে এক ভয়ংকর শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন লেসনার। শুধু ডব্লিউডব্লিউই নয়, মিক্সড মার্শাল আর্টসেও (এমএমএ) তিনি সাফল্য পেয়েছেন, যা তাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যায়।
এদিকে রেসালমেনিয়ার মেইন ইভেন্টে সিএম পাঙ্ককে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হ্যাভিওয়েট বেল্ট জিতেছেন রোমান রেইন্স। আর রোববার (১৯ এপ্রিল) রেসালমেনিয়া ৪২-এর প্রথম রাতে রেন্ডি অর্টনকে হারিয়ে আন্ডিসপিউটেড ডব্লিউডব্লিউই বেল্ট ধরে রাখেন কোডি রোডস। এছাড়াও বেশকিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয় রেসালমেনিয়া ৪২ পে-পার ভিউ'তে।
আইকে/টিএ