© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সংসদে কী জানালেন প্রতিমন্ত্রী নুর?

শেয়ার করুন:
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সংসদে কী জানালেন প্রতিমন্ত্রী নুর?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজার খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য পুনরায় উন্মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।


ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, খাদ্যাভ্যাস ও পরিবেশের মিল থাকায় বাংলাদেশি কর্মীদের কাছে মালয়েশিয়া অত্যন্ত পছন্দের একটি দেশ। এটি আমাদের শ্রমবাজারের অন্যতম বড় উৎস। নানা জটিলতার কারণে মাঝখানে কর্মী পাঠানো বন্ধ থাকলেও বর্তমানে বাজারটি সচল করতে সরকার নিরলস কাজ করছে।’

প্রতিমন্ত্রী জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এরইমধ্যে মালয়েশিয়া সফর করেছেন এবং সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার পথ খুলে যাবে বলে আশা করা যাচ্ছে। শ্রমবাজার খোলার সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে নুরুল হক নুর বলেন, ‘বাজার কবে খুলবে তার সুনির্দিষ্ট দিন-তারিখ এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ, এটি মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আমাদের পক্ষ থেকে শতভাগ প্রস্তুতি রয়েছে।’

তিনি আরও বলেন, বিদেশে কর্মী পাঠানোর জন্য প্রয়োজনীয় লোকবল এবং প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। মালয়েশিয়া সরকার থেকে সংকেত পেলেই দেশটিতে নতুন করে কর্মী পাঠানো শুরু হবে।

গত কয়েক বছর ধরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা অনিশ্চয়তা ও চড়াই-উতরাই চললেও বর্তমান সরকারের এই তৎপরতাকে জনশক্তি রপ্তানিকারক ও বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ইউটি/টিএ

মন্তব্য করুন