সংরক্ষিত নারী আসনবিএনপির মনোনয়ন পেলেন বগুড়ার সুরাইয়া জেরিন রনি
ছবি: সংগৃহীত
১০:৫২ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বগুড়া থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি।
সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বগুড়ার সুরাইয়া জেরিন রনিসহ সংরক্ষিত আসনের জন্য নির্ধারিত ৩৬ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
সুরাইয়া জেরিন রনি বর্তমানে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০০৩ সালে গাবতলী কলেজে প্রথম বর্ষে পড়ার সময় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। ওয়ান ইলেভেনের পর রাজনীতিতে পুরোপুরি চলে আসেন। এখন জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদকের পাশাপাশি গাবতলী শাখার সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
এছাড়া তিনি কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। রনি এসব ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল পদে আছেন।
বিএনপি দলীয় মনোনয়ন লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুরাইয়া জেরিন রনি বলেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজ করতে পারি। মনোনয়ন পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এজন্য দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক হামলা, মামলার শিকার হয়েছেন। অনেক নির্যাতিত ও কারাভোগ করেছেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি এ আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন।
আইকে/টিএ