রানী দ্বিতীয় এলিজাবেথের শততম জন্মবার্ষিকী, লন্ডনে তৈরি হচ্ছে নতুন ভাস্কর্য
ছবি: সংগৃহীত
০২:৩৭ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
লন্ডনে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে একটি নতুন স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। যা তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে সামনে আনা হয়। স্মৃতিসৌধটি কেন্দ্রীয় লন্ডনের দ্য মলে অবস্থিত সেন্ট জেমস পার্কের প্রবেশপথের কাছে স্থাপন করা হবে।
ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্যটি শিল্পী মার্টিন জেনিংস নির্মাণ করবেন। ১৯৫৫ সালে ইতালির শিল্পী পিয়েত্রো আননিগোনির আঁকা একটি ছবির আদলে এই প্রতিকৃতিতে ফুঁটবে রানির ২০ এর দশকের রূপ।

স্মৃতিসৌধ কমিটির চেয়ারম্যান লর্ড জ্যানভ্রিন বলেন, এটি একটি সুন্দর ও আইকনিক প্রতিচ্ছবি। এই ভাস্কর্যে রানিকে অর্ডার অব দ্য গার্টারের রাজকীয় পোশাকে উপস্থাপন করা হবে। তার প্রায় ২০ মিটার পেছনে রাজা প্রিন্স ফিলিপের একটি ছোট ভাস্কর্য থাকবে, যেখানে তাকে নৌবাহিনীর পোশাকে একই বয়সে দেখানো হবে।
লর্ড জ্যানভ্রিন আরও বলেন, রানি আলাদাভাবে সম্মানজনক স্থানে থাকবেন, তবে প্রিন্স ফিলিপকে তার পাশে সামান্য পেছনে রাখা হবে, কারণ তিনি জীবদ্দশায় তার গুরুত্বপূর্ণ সহচর ছিলেন।
রানির ভাস্কর্য প্রায় ১০ ফুট উঁচু এবং একটি বড় পাথরের ভিত্তির ওপর স্থাপন করা হবে, আর প্রিন্স ফিলিপের ভাস্কর্য তুলনামূলক ছোট হবে। এছাড়া পার্কের বিপরীত পাশে রানির পরিণত বয়সের একটি আবক্ষ ভাস্কর্যও স্থাপন করা হবে, যা শিল্পী কারেন নিউম্যান তৈরি করবেন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রিটিশ মিউজিয়ামে রাজপরিবারকে এই স্মৃতিসৌধের মডেল দেখানো হবে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সূত্রঃ বিবিসি
পিআর/টিকে