হরমুজ প্রণালিতে আটকে পড়া নাবিকদের জন্য সহায়তার আহ্বান জাতিসংঘের
ছবি: সংগৃহীত
০৮:২৬ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে আটকে পড়া হাজারো নাবিকের জন্য জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের সামুদ্রিক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। সংস্থাটির মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত অচল হয়ে পড়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। আইএমও’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ হাজার নাবিক এবং ২ হাজার জাহাজ হরমুজ প্রণালিতে আটকে আছে। বিশ্বজুড়ে ব্যবহৃত অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ সিঙ্গাপুরে এক সামুদ্রিক সম্মেলনে বলেন, আটকে পড়া নাবিকরা মারাত্মক মানসিক চাপ ও ক্লান্তিতে ভুগছেন। তিনি শিপিং কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান, নাবিকদের মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সহায়তা বাড়ানোর জন্য।
ডোমিঙ্গুয়েজ বলেন, কিছু দেশ নাবিকদের জন্য ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু করেছে এবং কিছু জায়গায় খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছে। তবে তিনি আরও বলেন, ব্যক্তিগত পর্যায়ে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বিশেষ করে নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের কথা শোনা, যাতে তারা একাকীত্ব অনুভব না করে।
উল্লেখ্য, জাতিসংঘের এই আহ্বান এমন এক সময় এলো যখন বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই রুটে অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ার শঙ্কা বাড়ছে।
এসএস/টিকে