© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা’

শেয়ার করুন:
‘পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। রুপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি নজর কাড়ে ভক্তদের। সম্প্রতি নিজের ব্লগে জীবনের এক কঠিন সত্য নিয়ে হাজির হয়েছেন এই মেগাস্টার। তার ভাষ্যমতে, পরিস্থিতি যাই হোক না কেন, জীবনের লড়াইয়ে দিনশেষে মানুষ একা।

নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, জীবনের প্রতিটি মোড় বা সংগ্রামের ক্ষেত্রে একজন ব্যক্তিকে শেষ পর্যন্ত একাই লড়তে হয়। এই একাকীত্বকে নেতিবাচক হিসেবে নয়, বরং আত্মমর্যাদা ও শক্তির জায়গা থেকে তুলে ধরেছেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে ব্রিটিশ-আমেরিকান লেখক অ্যালান ওয়াটসের একটি বিখ্যাত উক্তিও শেয়ার করেছেন বিগ বি।



ব্লগে অমিতাভ আরও লিখেছেন, ‘পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা। জ্ঞানী ব্যক্তিদের উপদেশ ও পরামর্শ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু শেষ দায়িত্বটা সবসময় আপনারই। আপনি যা কিছু অনুভব করেন, যে অভিজ্ঞতা লাভ করেন, ভাবেন, সহ্য করেন, উপভোগ করেন কিংবা চিন্তা করেন সবই আপনি। আপনিই সর্বশ্রেষ্ঠ। শুধু আপনিই গুরুত্বপূর্ণ, আর কিছু নয়।’

বচ্চন মনে করেন, প্রত্যেকের ভেতরেই একটি ব্যক্তিগত শক্তি থাকে, যা অনেক সময় পরিমাপ করা কঠিন হয়ে পড়ে। নিজের সেই অভ্যন্তরীণ শক্তির ওপর বিশ্বাস রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘এটিই প্রতিটি মানুষের সবচেয়ে বড় অস্ত্র। একে নিজের ভিতরে সযত্নে রাখুন। যখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখনই কেবল একে উন্মোচন করুন। মনে রাখবেন, এটিই হবে আপনার জীবনের সেরা রক্ষাকর্তা।’

উল্লেখ্য, ৮০ বছর পেরিয়েও অভিনয়ে ও জীবনবোধে এখনো চিরসবুজ অমিতাভ বচ্চন। তার এই গভীর জীবনদর্শন ভক্তদের মনে নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে। অনেকেই বলছেন, জীবনের কঠিন সময়ে অমিতাভের এই কথাগুলো আত্মবিশ্বাস বাড়াতে টনিকের মতো কাজ করবে।

এসএন 

মন্তব্য করুন