‘সাইয়ারা’র নায়িকার সঙ্গে অভিনয়ে নারাজ রণবীর! কারণ কী?
ছবি: সংগৃহীত
০১:৫৮ এএম | ২২ এপ্রিল, ২০২৬
রণবীর কাপুর এবং মোহিত সুরি-বলিউডের এই দুই হেভিওয়েট পরিচালক-অভিনেতা জুটির একসঙ্গে কাজ করার খবরে তৈরি হয়েছিল দারুণ প্রত্যাশা। কিন্তু আপাতত সেই জল্পনায় জল ঢাললেন খোদ রণবীর কাপুর। সূত্র অনুযায়ী, পরিচালক মোহিত সুরির একটি ছকভাঙা লভ স্টোরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রণবীর। বিপরীতে নায়িকা হিসেবে ভাবা হয়েছিল অনীত পড্ডার নাম। কিন্তু শেষ মুহূর্তে রণবীরের ‘না’ বলাতে এখন পুরো প্রজেক্টটিই ঘোর অনিশ্চয়তায়।
‘অ্যানিম্যাল’-এর মারকাটারি সাফল্যের পর রণবীর কাপুরের প্রতিটি পদক্ষেপেই এখন নজর থাকে দর্শকদের। সম্প্রতি শোনা যাচ্ছিল, ‘সাইয়ারা খ্যাত পরিচালক মোহিত সুরির একটি নতুন ছবির জন্য কথাবার্তা চলছে রণবীরের সঙ্গে। ছবির প্রেক্ষাপট ছিল বয়সের ব্যবধানের এক অদ্ভুত প্রেমের গল্প। বিপরীতে অনীত পড্ডার থাকার কথা ছিল। কিন্তু রণবীরের এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এখন টিনসেল টাউনে বড় আলোচনার বিষয়।

শোনা যাচ্ছে, ছবির চিত্রনাট্য অথবা গল্প বলার ধরন নিয়ে রণবীরের কিছু গুরুতর আপত্তি ছিল। অভিনেতা মনে করছেন, ছবির গল্পটি যেভাবে সাজানো হয়েছে, তাতে তাঁর চরিত্রের গভীরতা বা গল্পের বুনন খুব একটা জমেনি। সূত্রের খবর, গল্পের মোড় বা ‘ন্যারেশনাল কনসার্ন’ নিয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি। কোনও ঝুঁকি না নিয়ে তাই রণবীর বিনয়ের সঙ্গেই প্রজেক্টটি নাকচ করে দিয়েছেন।
রণবীরের মতো একজন তারকা-অভিনেতা সরে দাঁড়ানোয় এখন পুরো প্রজেক্টটিই থমকে গিয়েছে। অনীত পড্ডার বিপরীতে রণবীরকে দেখার যে পরিকল্পনা ছিল নির্মাতাদের, তা ধাক্কা খেল।
এখন শোনা যাচ্ছে, রণবীরের বদলে নতুন কোনও নায়ক খোঁজা হবে, নাকি ছবির কাজই আপাতত স্থগিত রাখা হবে, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। মোহিত সুরির মতো একজন আবেগঘন গল্পকারের ছবি থেকে রণবীরের সরে আসা ইন্ডাস্ট্রির অন্দরে নানা জল্পনার জন্ম দিয়েছে।
রণবীর এখন নিজের পরবর্তী প্রজেক্টগুলো নিয়ে অত্যন্ত সতর্ক। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তিনি যে এখন ‘কন্টেন্ট’-এর ওপর জোর দিচ্ছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তা আবারও স্পষ্ট হল।
এমআই/টিএ