অ্যাবস না বাইসেপস কেমন পুরুষে মুগ্ধ আরাত্রিকা?
ছবি: সংগৃহীত
০৩:৫৬ এএম | ২২ এপ্রিল, ২০২৬
টলিপাড়ার জনপ্রিয় মুখ আরাত্রিকা মাইতি আবারও আলোচনায়। তবে এবার কোনও নতুন কাজ বা চরিত্র নয়, বরং নিজের পছন্দের পুরুষ নিয়ে খোলামেলা মন্তব্য করে চমকে দিলেন তিনি।
বহুদিন ধরেই বিনোদন জগতে ‘অ্যাবস না বাইসেপস’-এই চিরচেনা প্রশ্ন ঘুরে বেড়ায়। কিন্তু সেই প্রচলিত ভাবনাকে একেবারে উড়িয়ে দিলেন এই তরুণী অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে এক ঝলক পোস্টেই যেন নিজের ভাবনার জগৎ খুলে দিলেন আরাত্রিকা। সেখানে একটি বিদেশি ধারাবাহিকের দৃশ্য ভাগ করে নিয়ে তিনি জানালেন, তাঁর কাছে পেশিবহুল শরীর নয়, বরং বেশি গুরুত্বপূর্ণ মানসিক সংযোগ। এমন একজন মানুষই তাঁর পছন্দ, যিনি তাঁর ভেতরের শিশুসুলভ সত্তাকে বাঁচিয়ে রাখতে পারেন। এই বক্তব্যে যেন স্পষ্ট হয়ে উঠেছে, ভালোবাসাকে তিনি কেবল বাহ্যিক আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখেন না; বরং সম্পর্কের সরলতা, আনন্দ আর মানসিক স্বস্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। একসময় আর্য দাশগুপ্তর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। যদিও সেই জল্পনা এখন অতীত। বর্তমানে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের সহ-অভিনেতা অভিষেক বীর শর্মার সঙ্গে তাঁর রসায়ন নিয়েই বেশি আলোচনা চলছে। পর্দার রসায়ন বাস্তবেও কতটা সত্যি, তা নিয়ে ভক্তদের কৌতূহল কম নয়। যদিও দু’জনেই প্রকাশ্যে নিজেদের কেবল ‘ভালো বন্ধু’ বলেই দাবি করে এসেছেন।
সব মিলিয়ে, আরাত্রিকার এই খোলামেলা স্বীকারোক্তি যেন আবারও মনে করিয়ে দিল-সত্যিকারের সম্পর্ক শুধু চোখের দেখা নয়, বরং মনের গভীরে গড়ে ওঠা এক অনির্বচনীয় বন্ধন।
এমআই/টিএ