ফরিদপুরে ৫ পুলিশ সদস্যকে আহত করে পালালেন আওয়ামী লীগ নেতা
ছবি: সংগৃহীত
০৫:৩৮ এএম | ২২ এপ্রিল, ২০২৬
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খানকে (৫২) গ্রেপ্তার করে পুলিশ। এসময় লাঠিয়াল বাহিনী দিয়ে হামলা চালিয়ে ৫ পুলিশ সদস্যকে আহত করে পালিয়ে যান ওই আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় মুন্সিরচর বাজার থেকে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় মো. কবির খান (৫২) ও তার লাঠিয়াল বাহিনী পুলিশের ওপর হামলা চালায়।
হামলাকারীরা পুলিশদের কিল-ঘুষি ও লাঠিসোটার আঘাত করে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চরভদ্রাসন থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। ঘটনার পর আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আওয়ামী লীগ নেতা কবির খান উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের মৃত ছুরমান খানের মেজো ছেলে। মঙ্গলবার কবির খানের সঙ্গে যোগাযোগ করতে বারবার ফোন করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
চরভদ্রাসন থানার ওসি ছুটিতে থাকায় থানার দায়িত্বে থাকা এসআই রফিকুল ইসলাম জানান, ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা ও বহু অভিযোগ রয়েছে। গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করতে মঙ্গলবার ভোরে পদ্মা নদী পার হয়ে দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর নামক একটি বাজারে ওঁৎ পেতে থাকে পুলিশ। পুলিশ আসামির হাতে হ্যান্ডকাফ পরানোমাত্রই ধস্তাধস্তি শুরু করে।
তিনি আরো জানান, এসময় কবির খানের চিৎকারে ২০-২৫ জনের লাঠিয়াল বাহিনী ছুটে এসে পুলিশের ওপর হামলা চালায়। তারা কিল-ঘুষি ও লাঠির আঘাতে পুলিশদের জখম করে হ্যান্ডকাপ পরা অবস্থায় আওয়ামী লীগ নেতা কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।
ইউটি/টিএ