তৃতীয় বিভাগে নেমে গেল হামজার দল লেস্টার সিটি
ছবি: সংগৃহীত
০৭:৩৮ এএম | ২২ এপ্রিল, ২০২৬
১০ বছর আগে যেই লেস্টার সিটি বিশ্বকে অবাক করে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল, সেই লেস্টার এবার নেমে গেল ইংল্যান্ডের তৃতীয় বিভাগে। মঙ্গলবার (২১ এপ্রিল) হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে লেস্টারের দ্বিতীয় বিভাগ থেকে অবনমন নিশ্চিত হয়।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর এবারও হতাশ করেছে লেস্টার। চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচে তারা জিতেছে মাত্র ১১টি, যা তাদের পতন ঠেকাতে যথেষ্ট হয়নি। মঙ্গলবার নিজেদের শেষ সুযোগটা কাজে লাগাতে পারেনি দলটি। টেবিলের সপ্তম স্থানে থাকা হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা, ফলে অবনমন নিশ্চিত হয়ে যায়।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মাঠে খেললেও গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল হতাশাজনক। বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী বদলি হিসেবে নেমে মাত্র এক মিনিট খেলার সুযোগ পান। পুরো আসরে ৪৪ ম্যাচে ১৮ হার নিয়ে ৪২ পয়েন্ট সংগ্রহ করে ২৪ দলের মধ্যে ২৩তম স্থানে শেষ করেছে লেস্টার।
এসএস/এসএন