যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের ছবি তোলায় চীনা শিক্ষার্থী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১২:০১ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় সামরিক বিমানের বেআইনিভাবে ছবি তোলার অভিযোগে এক চীনা কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে সড়কপথে ভ্রমণের সময় তিনি সাউথ ডাকোটার একটি বিমানঘাঁটিতেও যাত্রাবিরতি করেছিলেন বলে জানা গেছে।
এফবিআই আদালতের একটি নথিতে জানিয়েছে, ২১ বছর বয়সী ওই তরুণের নাম তিয়ানরুই লিয়াং। তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে পড়াশোনা করেন। সেখানে ফেরার উদ্দেশ্যে গত ৭ এপ্রিল নিউইয়র্কের একটি বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এফবিআইয়ের দেওয়া তথ্যমতে, লিয়াং স্বীকার করেছেন যে মার্চের শেষের দিকে ওমাহার কাছে অফুট বিমানঘাঁটির বাইরে একটি পাবলিক রাস্তায় গাড়ি থেকে নেমে তিনি আরসি-১৩৫ (RC-135) নামের একটি নজরদারি বিমান এবং একটি ই-৪বি (E-4B) বিমানের ছবি তুলেছিলেন। মার্কিন বিমান বাহিনীর মতে, 'নাইটওয়াচ' নামে পরিচিত ই-৪বি বিমানটি জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি এবং সামরিক কর্মকর্তাদের জন্য একটি আকাশবাহী কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে সক্ষম।
এফবিআই জানিয়েছে, পূর্বানুমতি ছাড়া প্রতিরক্ষা স্থাপনার ছবি তোলা বা স্কেচ করা সম্পূর্ণ বেআইনি, যদিও এই দুটি বিমানের ছবি ইন্টারনেটে সহজেই পাওয়া যায়। লিয়াং তদন্তকারীদের জানান, তিনি ব্যক্তিগত সংগ্রহের জন্যই ছবিগুলো তুলেছিলেন। তিনি আরও বলেন, আকাশের ছবি তোলা বৈধ, কিন্তু মাটিতে থাকা বিমানের ছবি তোলা যে বেআইনি তা তিনি জানতেন। গত মঙ্গলবার লিয়াংয়ের আইনজীবী জেফ থমাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। লিয়াংকে এখনো ওমাহার ফেডারেল আদালতে হাজির করা হয়নি।
ঘটনার বিবরণে এফবিআই আরও জানায়, গত ২৬ মার্চ কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে উড়ে যান লিয়াং এবং সেখানে নিউইয়র্কে পড়ুয়া তার এক বন্ধুর সাথে দেখা করেন। হলফনামা অনুযায়ী, ওয়াশিংটন অঙ্গরাজ্য দিয়ে তারা গাড়িতে করে মার্কিন সীমান্ত অতিক্রম করেন। এরপর লিয়াং একাই সাউথ ডাকোটার এলসওয়ার্থ বিমানঘাঁটি দেখতে যান। ওকলাহোমার টিংকার বিমানঘাঁটিতে যাওয়ার ব্যাপারেও তার আগ্রহ ছিল।
উল্লেখ্য, এর আগেও চীনা শিক্ষার্থীদের বিরুদ্ধে মার্কিন সামরিক স্থাপনা সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। ২০২৩ সালে মিশিগানের একটি সামরিক স্থাপনার কাছে রাতের অন্ধকারে পাঁচজন চীনা তরুণের মুখোমুখি হওয়ার পর তাদের বিরুদ্ধে মিথ্যা বলা এবং প্রমাণ গোপনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। ওই স্থাপনায় তখন মহড়ার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ওই তরুণেরা অভিযোগ গঠনের কয়েক মাস আগেই চীনে ফিরে যান এবং কখনোই আদালতে হাজির হননি। এর আগে ২০২০ সালে, ফ্লোরিডার কি ওয়েস্টে একটি নৌ-বিমানঘাঁটিতে বেআইনিভাবে ছবি তোলার দায়ে মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ুয়া দুই চীনা নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সূত্র: এপি
এসএস/এসএন