‘জওয়ান ২’ নিয়ে ফের অ্যাকশনে শাহরুখ, পরিকল্পনায় অ্যাটলি
ছবি: সংগৃহীত
০১:২০ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
দুই হাজার তেইশ সালে দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবিতে বহুরূপী চরিত্রে শাহরুখ খানের উপস্থিতি বক্স অফিসে ঝড় তোলে। সেই ছবিতে তিনি কখনও কৃষক আত্মহত্যার প্রসঙ্গ তুলে ধরেন, কখনও সরকারি হাসপাতালের দুরবস্থা, আবার কখনও অস্ত্র কেলেঙ্কারির মতো নানা সামাজিক ইস্যুকে পর্দায় তুলে ধরেন। ছবির মূল বার্তায় সাধারণ মানুষকে সচেতন করে বলা হয়, ভোট দেওয়ার আগে উপযুক্ত নেতৃত্ব বেছে নেওয়ার দায়িত্ব নাগরিকদেরই।
এই সফলতার পর থেকেই দর্শকমহলে শুরু হয় সিক্যুয়েলের দাবি। দীর্ঘ অপেক্ষার পর এবার শোনা যাচ্ছে, অ্যাটলি নীরবে শুরু করেছেন ‘জওয়ান ২’-এর প্রস্তুতি। ইতিমধ্যেই চিত্রনাট্যের প্রাথমিক কাজ অনেকটাই এগিয়েছে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, বহুল প্রতীক্ষিত ‘কিং’ ছবির কাজ শেষ হলেই নতুন এই প্রকল্পে মন দেবেন শাহরুখ খান।
পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, নতুন ছবিতে আগের মতোই সামাজিক ও রাজনৈতিক বার্তা থাকবে, তবে গল্পে আসছে বড় চমক ও মোচড়। এবার নাকি খলচরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী চলচ্চিত্র জগতের এক প্রথম সারির তারকাকে, যদিও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ হয়নি। এর আগের ছবিতে খলনায়ক চরিত্রে নজর কেড়েছিলেন বিজয় সেথুপতি।

প্রথম পর্বে শাহরুখের চরিত্র জনতার ক্ষমতা, অধিকার ও ভোটাধিকার নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিল, যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সংলাপ ও বার্তা রাজনৈতিক আলোচনার ক্ষেত্রেও প্রভাব ফেলেছিল বলে মনে করা হয়।
এখন সিক্যুয়েলে সেই ধারাই আরও বড় পরিসরে তুলে ধরা হবে বলে ইঙ্গিত মিলছে। তবে এবার কেবল বার্তা নয়, গল্পে থাকবে আরও গভীর সংঘাত ও শক্তিশালী অ্যাকশন উপাদান।
সব মিলিয়ে, ‘জওয়ান ২’ ঘিরে আবারও উত্তেজনা ছড়াতে শুরু করেছে বলিউডে। শাহরুখ-অ্যাটলি জুটির এই নতুন অধ্যায় কবে থেকে শুরু হয়, এখন সেটাই দেখার।
এসএ/এসএন