লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
ছবি: সংগৃহীত
০৩:৫৭ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র আয়োজন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের নবম আসরে প্রদর্শিত হতে যাচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেশার কুকার’। আন্তর্জাতিক এই আসরে ছবিটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আজ বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায়।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, ভিন্নধর্মী গল্প, নির্মাণশৈলী এবং সমসাময়িক উপস্থাপনার কারণে ‘প্রেশার কুকার’কে আন্তর্জাতিক দর্শকদের সামনে প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়েছে।
সিনেমাটির প্রদর্শনীতে অংশ নিতে গতকাল রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ছবির নির্মাতা রায়হান রাফী।
তিনি বলেন, ‘আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের। এ ধরনের সিনেমা সাধারণত ফেস্টিভ্যালে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটি ভালো চলছে। এর মধ্যেই লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় অর্জন।’

বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয় লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতি বছর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা এখানে প্রদর্শিত হয়।
এদিকে চলতি সপ্তাহে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে নর্থ আমেরিকাসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।
রায়হান রাফী ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরীসহ অনেকে।
পিআর/টিএ