আলিয়া ও মহেশের সঙ্গে সম্পর্কের সমীকরণ জানালেন পাক অভিনেত্রী মীরা
ছবি: সংগৃহীত
০৪:১৯ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মীরা আবারও আলোচনায়, তবে এবার কোনও বিতর্ক নয়, বরং স্মৃতির ঝাঁপি খুলে। সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে ব্যস্ত এই অভিনেত্রী হঠাৎই ফিরে গেলেন বহু বছর আগের এক সময়ে, যখন মুম্বাইয়ে নিয়মিত যাতায়াত ছিল তার। সেই সূত্রেই উঠে এল বলিউডের পরিচিত মুখ আলিয়া ভট্ট এবং তার পরিবারকে ঘিরে কিছু অজানা গল্প।
দুই হাজার পাঁচ সালে নির্মিত নজর ছবিতে কাজ করেছিলেন মীরা। ছবিটি পরিচালনা করেছিলেন আলিয়ার মা সোনি রাজদান। সেই কাজের সূত্র ধরেই পরিচয় হয় মহেশ ভাট পরিবারের সঙ্গে। ধীরে ধীরে সেই পরিচয় গাঢ় হয়ে ওঠে, আর মুম্বাইয়ের তাদের বাড়িতে নিয়মিত যাতায়াতও শুরু হয় তার।

সেই সময়ের স্মৃতি টেনে এনে মীরা জানান, ভাট পরিবারের সঙ্গে কাটানো দিনগুলো ছিল একেবারেই অন্যরকম। তার কথায়, তিনি সব সময়ই একটি হাসিখুশি, উষ্ণ পরিবেশের পরিবার দেখেছেন। ছোটবেলার আলিয়াকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তার। এমনকি একই ঘরে একসঙ্গে ঘুমোনোর স্মৃতিও রয়েছে। মীরার চোখে আলিয়া তখন থেকেই অত্যন্ত বুদ্ধিমতী এবং পড়াশোনায় মনোযোগী এক মেয়ে।
বর্তমানে নিজের নতুন ছবি ‘সাইকো’-র প্রচারে ব্যস্ত মীরা। সেই ব্যস্ততার মাঝেই অতীতের এই স্মৃতিচারণ যেন নতুন করে আলো ফেলেছে ভাট পরিবারের সঙ্গে তার সম্পর্কের ওপর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পূজা ভাট-এর পরিচালনায় ‘সোহরত’ নামে একটি ছবিতে কাজ করেছিলেন তিনি, যার কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। সেই ছবিটি দ্রুত শেষ করতে ভাট পরিবারের সহযোগিতাও চেয়েছেন এই অভিনেত্রী।
তবে অতীতের এক বিতর্ক নিয়েও মুখ খুলেছেন মীরা। বহু বছর আগে মহেশ ভট্টের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন, তা এখন সম্পূর্ণ অস্বীকার করছেন তিনি। তার দাবি, এমন কোনও ঘটনা কখনও ঘটেনি। বরং দীর্ঘ সময়ের দূরত্ব পেরিয়ে এখন তিনি সম্পর্কের ইতিবাচক দিকগুলোকেই সামনে আনতে চান।
সব মিলিয়ে, পুরনো সম্পর্ক, স্মৃতি আর বর্তমানের বাস্তবতা সবকিছুকে একসঙ্গে বুনে মীরার এই মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ভাট পরিবারকে।
পিআর/টিএ