© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার বাবা নেই, তাই আম্মুকেই প্রথম ফোন করেছিলাম: সাকলাইন

শেয়ার করুন:
আমার বাবা নেই, তাই আম্মুকেই প্রথম ফোন করেছিলাম: সাকলাইন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩২ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
সবশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম করেছেন আব্দুল গাফফার সাকলাইন। রাজশাহীর হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন এই পেসার। এবার ডাক পেলেন জাতীয় দলে। স্কোয়াডে জায়গা পাওয়ার পর ফোনে কথা বলেছেন অধিনায়ক লিটন দাসের সঙ্গে।

গতকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন সাকলাইন। লাল সবুজের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় থাকা সাকলাইন জানালেন দল ঘোষণার পর অধিনায়কের সাথে ফোনে কথা বলেছেন।

সিলেটে আজ গণমাধ্যমকে সাকলাইন বলেন, 'হ্যাঁ, আমাকে ক্যাপ্টেন দাদা (লিটন দাস) ফোন করেছিলেন। উনার সাথে কথা হয়েছে। নির্বাচকও ফোন করেছিলেন, উনার সাথে কথা হয়েছে।' পরে মায়ের সাথে কথোপকথন নিয়ে সাকলাইন বলেন, 'আম্মুর সাথে (কথা হয়েছে)। যেহেতু আমার বাবা নেই, তাই আম্মুকেই প্রথম ফোন করেছিলাম। আম্মুর সাথে কথা হয়েছে। তারপরে ঢাকায় আমি যার বাসায় থাকি উনাদের সাথে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। আম্মু একটাই কথা বলছেন যে, বেশি এক্সাইটেড যাতে না থাকি। অনেক লম্বা (পথ) যেতে হবে। আর সুযোগ যেহেতু এসেছে, কাজে লাগানোর চেষ্টা করো। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা।'

পেসার মুস্তাফিজুর রহমানের থেকে অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছেন সাকলাইন। তিনি বলেন, 'অবশ্যই পরিকল্পনা আছে। দেখা হলে কথা বলব উনার (মুস্তাফিজুর রহমান) সাথে। উনার অভিজ্ঞতাটা নেওয়ার চেষ্টা করব যতটুকু পারব— কঠিন পরিস্থিতিতে নিজেকে কীভাবে শান্ত রাখা যায়।' 

এবি/টিএ

মন্তব্য করুন