কেন মাসে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে আল্লু অর্জুনের?
ছবি: সংগৃহীত
১০:৫৮ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
বর্তমানে ‘রাকা’ ছবির শুটিংয়ে ব্যস্ত আল্লু অর্জুন। ছবির বেশিরভাগ অংশের কাজ মুম্বইতেই হওয়ায় সেখানেই অস্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেই কারণেই আরব সাগরের তীরবর্তী শহরে একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন অভিনেতা। জানা যাচ্ছে, জুহু এলাকায় প্রায় ছয় হাজার বর্গফুটের একটি বড় ফ্ল্যাটে থাকছেন তিনি, যেখানে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল এবং একাধিক গাড়ি রাখার ব্যবস্থা।
এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে প্রায় ষোল লক্ষ টাকা ভাড়া গুনতে হচ্ছে তাকে। তিন বছরের চুক্তিতে নেওয়া এই বাসস্থানের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা জল্পনা। অনেকেই মনে করতে থাকেন, হয়তো হায়দরাবাদ ছেড়ে নতুন করে মুম্বাইতেই বসবাস শুরু করতে চলেছেন তিনি।

তবে সেই জল্পনায় জল ঢেলেছেন তার বাবা আল্লু অরবিন্দ। তার স্পষ্ট বক্তব্য, কাজের সুবিধার জন্যই এই ব্যবস্থা। হায়দরাবাদই তাদের স্থায়ী ঠিকানা, সেখানেই পরিবার ও সন্তানের পড়াশোনা তাই স্থায়ীভাবে মুম্বইয়ে থাকার প্রশ্নই ওঠে না।
শুধু ‘রাকা’ নয়, ভবিষ্যতে পরিচালক লোকেশ কনগরাজ-এর সঙ্গেও নতুন একটি ছবিতে কাজ করার সম্ভাবনা রয়েছে আল্লু অর্জুনের। সেই ছবির শুটিংও মুম্বাইয়ে হতে পারে বলেই শোনা যাচ্ছে। ফলে আপাতত এই শহরেই সময় কাটানো তার জন্য সুবিধাজনক হয়ে উঠেছে।
এদিকে, নতুন ফ্ল্যাটের অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী স্নেহা রেড্ডী। শুটিংয়ের ফাঁকে পরিবারের সঙ্গেও সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার। বিশেষ করে সন্তানরা ছুটিতে মুম্বইয়ে এসে তাঁর সঙ্গে থাকতে পারে বলেও জানা গেছে।
সব মিলিয়ে, বিপুল খরচের এই নতুন অধ্যায় আসলে কাজের প্রয়োজনেই এ কথা স্পষ্ট করেছেন আল্লু অর্জুন নিজেই। তবে তার এই বিলাসবহুল জীবনযাত্রা আর নতুন ছবির প্রস্তুতি দুটোই এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রে।
পিআর/টিএ