© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, সরাসরি সুবিধা পাচ্ছেন না ভোক্তারা

শেয়ার করুন:
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, সরাসরি সুবিধা পাচ্ছেন না ভোক্তারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৮ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
মার্কিন আদালতের নির্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিতর্কিত আমদানি শুল্ক বাতিল হওয়ার পর এখন সেই শুল্ক থেকে আদায় করা বিপুল অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই অর্থ ফেরতের সুবিধা মূলত আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে, ফলে সাধারণ ভোক্তারা এতে সরাসরি কোনো সুবিধা নাও পেতে পারেন।


গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্প প্রশাসনের আরোপিত বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করে। এর আগে সরকার প্রায় ১৬০ বিলিয়ন ডলার শুল্ক হিসেবে আদায় করেছিল। মার্চে আন্তর্জাতিক বাণিজ্য আদালত সেই অর্থ আমদানিকারকদের ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এতে প্রায় ৩ লাখ ৩০ হাজার প্রতিষ্ঠান রিফান্ড পাওয়ার যোগ্য হয়েছে।

ইতোমধ্যে হাজার হাজার প্রতিষ্ঠান অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করেছে এবং দাবিকৃত অর্থের পরিমাণ কয়েক হাজার কোটি ডলারে পৌঁছেছে। এই আবেদন গ্রহণের জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, যেখানে সফল আবেদনকারীরা ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সুদসহ অর্থ ফেরত পেতে পারেন।

তবে পুরো প্রক্রিয়াটি সবার জন্য সহজ হচ্ছে না। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী প্রযুক্তিগত জটিলতার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, বড় প্রতিষ্ঠানগুলো এই রিফান্ডকে ভবিষ্যতের সম্ভাব্য শুল্ক মোকাবিলার প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে। এদিকে শুল্কের কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ ভোক্তারা। কিন্তু তাদের জন্য কোনো সরাসরি ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়নি। এ অবস্থায় অনেক ভোক্তা বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন, যাতে কোম্পানিগুলো প্রাপ্ত রিফান্ডের কিছু অংশ গ্রাহকদের ফেরত দেয়।

কিছু বড় কোম্পানি পণ্যের দাম কমানো বা বিশেষ ছাড় দেওয়ার কথা ভাবলেও, অধিকাংশ ক্ষেত্রে এই অর্থ ব্যবসায়িক খাতেই থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে বিশাল এই রিফান্ড কর্মসূচি চালু হলেও সাধারণ মানুষের জন্য এর প্রভাব সীমিতই থাকতে পারে।


ইউটি/টিএ

মন্তব্য করুন