আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনহো?
ছবি: সংগৃহীত
০৩:২২ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
হোসে মরিনহোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখন আর শুধু পর্তুগালেই সীমাবদ্ধ নয়; স্পেনেও এ নিয়ে জোর গুঞ্জন চলছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও ‘স্পেশাল ওয়ান’খ্যাত এই কোচকে দলে ফেরানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন।
ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, মৌসুম শেষে বর্তমান কোচ আলভারো আরবেলোয়া দায়িত্ব ছাড়তে পারেন। এমন পরিস্থিতিতে নতুন কোচ হিসেবে মরিনহোকেই পেরেজের প্রধান পছন্দ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, মরিনহোর সম্ভাব্য প্রত্যাবর্তন কোনো গুজব বা রসিকতা নয়— এটি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ফ্লোরেন্তিনো পেরেজ ও হোসে মরিনহোর মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সম্ভাব্য কোচের তালিকায় শুধু মরিনহোই নন, আরও আছেন জিনেদিন জিদান ও ইয়ুর্গেন ক্লপের মতো অভিজ্ঞ ও সফল কোচরা। ফলে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগআউটে কে থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।
অন্যদিকে, বর্তমানে দায়িত্বে থাকা মরিনহো নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে এখনো কোনো স্পষ্ট অবস্থান জানাননি।
বিভিন্ন সংবাদ সম্মেলনে তিনি বারবারই উল্লেখ করেছেন, বর্তমান ক্লাবের সঙ্গে তার চুক্তি এখনও বহাল রয়েছে এবং সেটির প্রতি তিনি শ্রদ্ধাশীল। পাশাপাশি ভবিষ্যতে চুক্তি নবায়নের সম্ভাবনার কথাও ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরেছেন।
তবে স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচের আগে দেওয়া এক মন্তব্যে কিছুটা ভিন্ন সুর শোনা যায় তার কণ্ঠে। সেখানে মরিনহো পরিষ্কারভাবে বলেন, ফুটবলে কিছুই স্থায়ী নয়— চুক্তি বা ব্যক্তিগত ইচ্ছা থাকলেও পরিস্থিতির পরিবর্তনে যে কোনো সময় ক্লাব ছাড়ার মতো সিদ্ধান্ত আসতে পারে।
টিজে/টিএ