© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চলছে: লেবাননের প্রেসিডেন্ট

শেয়ার করুন:
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চলছে: লেবাননের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
লেবাননের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। জাতীয় স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, দেশের নিরাপত্তাব্যবস্থায় বাধা সৃষ্টি করা বা শান্তি বিঘ্নিত করার কোনো অপচেষ্টাই বরদাশত করা হবে না।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন, লেবাননের ইতিহাসের এই নাজুক সময়ে সাম্প্রদায়িক ও নাগরিক শান্তি রক্ষা করা একটি ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় সীমা। দেশের এই অস্বাভাবিক পরিস্থিতি অবসানে তিনি সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও অঙ্গীকার করেন।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর ও এর মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে লেবাননের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাদা হাদ্দাদ মাওয়াদ। তিনি যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি বাহিনীর ঘরবাড়ি ধ্বংসের কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানাবেন।

প্রেসিডেন্ট আউন জানিয়েছেন, এই আলোচনার সাফল্য মূলত চারটি প্রধান শর্তের ওপর নির্ভর করছে। শর্তগুলো হলো—ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, বন্দিবিনিময় বা কারামুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো এবং দক্ষিণ লেবাননে পূর্ণাঙ্গভাবে লেবানিজ সেনাবাহিনী মোতায়েন করা।

লেবানন সরকার আশা করছে, এই আলোচনার মাধ্যমে দেশটিতে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।

সূত্র: আল জাজিরা

টিজে/টিএ 

মন্তব্য করুন