© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শেয়ার করুন:
বরিশালে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩০ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
বরিশালের বানারীপাড়া উপজেলায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামে তালুকদার কবিরের বাড়ি সংলগ্ন একটি মাদ্রাসার নিচতলায় এ অভিযান পরিচালনা করা হয়। 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীবের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে এ অভিযান চালায়। 

অভিযানে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুতের দায়ে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা ব্যবসায়ী মো. আমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মো. আমান পিরোজপুরের নাজিরপুর উপজেলার ব্যবসায়ী হলেও তিনি বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের একটি আবাসিক এলাকায় গোপনে গুদাম ভাড়া নিয়ে প্রায় ১৮০ থেকে ২০০টি গ্যাসভর্তি সিলিন্ডার মজুত করে রাখেন। পরে গোপন নজরদারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানের সময় গ্যাস সিলিন্ডার মজুতের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। একই সঙ্গে জরিমানা পরিশোধের পর যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এ ধরনের অসাধু কার্যক্রমের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কেএন/এসএন

মন্তব্য করুন