© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্সেনালকে সরিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

শেয়ার করুন:
আর্সেনালকে সরিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৮ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
আর্সেনালেকে হারানোর পরও লাগাম হাতে নেওয়া হয়নি ম্যানচেস্টার সিটির। তখনও গানারদের চেয়ে তিন পয়েন্ট পেছনে ছিলেন পেপ গার্দিওলার শিষ্যরা। তবে পরের ম্যাচেই ঘটেছে সেই অপেক্ষার অবসান। বার্নলিকে ১-০ গোল ব্যবধানে হারানোর মাধ্যমে আর্সেনালকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি।

গত ১১ এপ্রিল পর্যন্ত আর্সেনাল ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। গানার ভক্তরা যখন শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তখনই ঘটেছে ছন্দপতন। বোর্নমাউথের কাছে ঘরের মাঠে হার এবং সিটির কাছে বড় ব্যবধানে হারের পর মাত্র ১১ দিনে সেই লিড হারাল মিকেল আর্তেতার দল।
৩৩ ম্যাচ শেষে সিটি এবং আর্সেনাল উভয়ের পয়েন্ট এখন ৭০। জয়-পরাজয়ের পরিসংখ্যানও হুবহু এক। সিটি কেবল বেশি গোল করার কারণে (৬৬ বনাম ৬৩) টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে।



বার্নলির মাঠে খেলতে নেমে পঞ্চম মিনিটেই আর্লিং হালান্ডের গোলে লিড নেয় সিটি। কিন্তু এরপর ২৮টি শট নিয়েও আর কোনো গোল করতে পারেনি তারা। গার্দিওলা বলেন, ‘আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু শেষের দিকে ক্লান্তির কারণে ফিনিশিং ভালো হয়নি। ২-০ হলে আমরা আরও স্বস্তিতে থাকতাম।’

লিগে আর মাত্র ৫টি ম্যাচ বাকি। যদি দুই দলই তাদের সব ম্যাচে জয় পায়, তবে পয়েন্ট দাঁড়াবে ৮৫। সেক্ষেত্রে গোল ব্যবধান বা গোল সংখ্যাই নির্ধারণ করবে চ্যাম্পিয়ন কে হবে। সিটি গোল ব্যবধানে এগিয়ে যাওয়ার এমন সুযোগ নষ্ট করায় গ্যারি নেভিল সতর্ক করে বলেছেন, ‘শিরোপা দৌড়ে এই মিসগুলো মূল্যবান হয়ে উঠতে পারে।’

আরআই/ এসএন

মন্তব্য করুন