বিজেপি মিছিলে রাস্তা বন্ধ, প্রতিবাদী নারীর পাশে বিশাল দাদলানী
ছবি: সংগৃহীত
১০:১৭ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
মুম্বাইয়ের রাজপথে যানজট ঘিরে এক সাধারণ নাগরিকের ক্ষোভ থেকেই নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপির মিছিলের কারণে সৃষ্ট যানজট নিয়ে। ঘটনাটি নজরে আসে সংগীতশিল্পী বিশাল দাদলানী-এর, যিনি বরাবরের মতোই খোলামেলা ভঙ্গিতে নিজের মতামত জানাতে পিছপা হননি।
২১ এপ্রিল মুম্বাই-এর ব্যস্ত রাস্তায় বিজেপির একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে তীব্র যানজট তৈরি হয়। মিছিলটি ছিল মহিলা সংরক্ষণ বিল নিয়ে। এর ফলে রাস্তার বিভিন্ন অংশ বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। এই পরিস্থিতিতেই নিজের গাড়ি থেকে নেমে প্রতিবাদ জানান এক নারী, সরাসরি প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক গিরিশ মহাজন-এর ভূমিকা নিয়ে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি শেয়ার করে ওই নারীর সাহসিকতার প্রশংসা করেন বিশাল দাদলানী। তিনি লেখেন, “আপনাকে কুর্নিশ, ম্যাম। প্রত্যেক নাগরিকেরই এভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত।”
একই সঙ্গে ওই নারীর পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিত। তাঁর বক্তব্য, রাজনীতিবিদদের বোঝা উচিত যে রাস্তায় শুধু মিছিল নয়, সাধারণ মানুষও চলাচল করেন-যাদের মধ্যে অসুস্থ ও প্রবীণরাও রয়েছেন। তাঁদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই নারী স্পষ্ট ভাষায় বলছেন-প্রতিবাদ করার অধিকার সবারই আছে, তবে তা যেন সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি না করে। তাঁর এই প্রতিবাদ এখন সামাজিক মাধ্যমে ব্যাপক সমর্থন পাচ্ছে এবং রাজনৈতিক আলোচনাকেও উসকে দিয়েছে।
কেএন/এসএন