© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের

শেয়ার করুন:
ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
২০২৬ বিশ্বকাপে ইরান খেলবে, নাকি খেলবে না- তা নিয়ে নানান ধরনের শঙ্কা থাকলেও কয়েকদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে গিয়েই বিশ্বকাপে অংশ নেবে ইরান। এদিকে শুরুতে যুক্তরাষ্ট্রে না যাওয়ার দাবি তুললেও পরে ইরান জাতীয় দলের পক্ষ থেকে জানানো হয়, তারা বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত। তবে বিশ্বকাপে অংশ নিলেও সেটা যুক্তরাষ্ট্রের মাটিতে কি না, সে ব্যাপারে পরিষ্কার করেনি দলটি।

এর মধ্যেই ফিফা সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন এক প্রস্তাব দিয়ে বসেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলি। ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেখানে ইতালিকে নেওয়ার সুপারিশ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন জাম্পোলি।



ফিনান্সিয়াল টাইমসকে জাম্পোলি বলেছেন, ‘ব্যাপারটা স্পষ্ট করেই বলছি, ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আমি প্রস্তাব দিয়েছি বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে নেওয়া হোক। জন্মসূত্রে আমি ইতালীয়।আর যুক্তরাষ্ট্রে আয়োজিত কোনো টুর্নামেন্টে ‘আজ্জুরি’দের দেখতে পারা আমার জন্য স্বপ্নের মতো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তাদের অন্তর্ভুক্তির যথেষ্ট যৌক্তিকতা আছে।’

তা ইতালিকে নিতে কেন ইরানকে বাদ দিতে হবে? সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো হতে যাওয়া বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কাটা জেগেছিল। তাছাড়া ট্রাম্প কিংবা ইরানের পক্ষ থেকে দেওয়া বেশ কিছু পাল্টাপাল্টি বিবৃতি শঙ্কার মাত্রা বাড়িয়ে দেয়।

গত মার্চে দেওয়া এক মন্তব্যে ট্রাম্প উল্লেখ করেন, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানো হলেও ওদের ‘জীবন’ ও ‘নিরাপত্তা’র  বিষয়টিও বিবেচনা করা উচিত। আর সেই বিবেচনায় বিশ্বকাপে ইরান অংশ নেওয়ার মতো উপযুক্ত কি না, সে প্রশ্নও তোলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিল ইরান। তবে সেই দাবি নাকচ করে দিয়েছে ফিফা। গত সপ্তাহে ফিফা সভাপতি আবারও জানিয়েছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রে গিয়েই খেলবে বলে তিনি আশা করছেন। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে এবার ইরানের গ্রুপ সঙ্গী হিসেবে আছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসর।

এসএস/এসএন

মন্তব্য করুন