অভিনেতার বাড়ি থেকে নগদ অর্থ ও গয়না চুরি, অভিযুক্ত গৃহকর্মী
ছবি: সংগৃহীত
১২:৫৭ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা বিপুল রায় মুম্বাইয়ের খার এলাকায় নিজ বাসভবনে বড় ধরনের চুরির শিকার হয়েছেন। অভিনেতার অভিযোগ, একটি অনলাইন সার্ভিস অ্যাপের মাধ্যমে নিয়োগ করা এক গৃহকর্মী তার ফ্ল্যাট থেকে নগদ টাকা ও গয়না নিয়ে পালিয়ে গিয়েছে। চুরিকৃত সম্পদের মোট মূল্য প্রায় ৭.১০ লক্ষ রুপি।
বিপুল রায় পুলিশের কাছে জানান, ঘর পরিষ্কারের জন্য তিনি গত ৬ এপ্রিল দীপালি সঞ্জয় খারওয়া নামে এক মহিলাকে ডাকেন।
এর আগেও কয়েকবার কাজে আসায় ওই মহিলা বাড়ির আলমারি ও ঘরের অবস্থান সম্পর্কে জানতেন। ঘটনার দিন সকালে কাজ করার সময় ওই মহিলা কৌশলে বিপুলকে ঘরের ভেতর ঢুকতে নিষেধ করেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। প্রায় ১৫ মিনিট পর কাজ শেষ হয়েছে বলে তিনি ঘর থেকে বেরিয়ে চলে যান।
পরদিন আলমারি খুলতেই চুরির বিষয়টি নজরে আসে বিপুলের।

তিনি দেখেন ড্রয়ার থেকে মার্কিন ডলার, আরব আমিরাতের দিরহাম, থাই বাতসহ বেশ কিছু বিদেশি মুদ্রা এবং সোনা ও হীরা বসানো আংটি গায়েব হয়ে গেছে। বিপুলের অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের খার পুলিশ ২১শে এপ্রিল একটি চুরির মামলা দায়ের করেছে। পুলিশ বর্তমানে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ ও ওই অনলাইন সার্ভিস অ্যাপের দেওয়া তথ্য যাচাই করে অভিযুক্ত মহিলাকে শনাক্ত করার চেষ্টা করছে।
বিপুল রায়কে দর্শকরা ‘এফআইআর’ এবং ‘জিনি অউর জুজু’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শো সঞ্চালনা করতে দেখেছেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসএন