© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিংয়ের বাস্তবতা নিয়েই ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে আসছে নতুন চমক

শেয়ার করুন:
শুটিংয়ের বাস্তবতা নিয়েই ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে আসছে নতুন চমক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১২ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬

বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড গড়ে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে আদিত্য ধরের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’। এবার এই সিরিজের পরবর্তী ধাপ হিসেবে এমন এক ধরনের ছবি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে, যা ভারতীয় চলচ্চিত্রে আগে কখনো দেখা যায়নি। শোনা যাচ্ছে, এবার দর্শকের সামনে আসতে চলেছে এমন একটি ছবি, যার মূল বিষয়ই হবে রণবীর সিংসহ অন্যান্য তারকাদের শুটিংয়ের নেপথ্য মুহূর্ত।


চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্রের দাবি, ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্য এবং দর্শকদের আগ্রহের কারণে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন শুটিংয়ের বাস্তব দৃশ্য ও পর্দার আড়ালের গল্প আলাদা করে বড় পর্দায় নিয়ে আসার। পরে এই প্রজেক্ট ওটিটি প্ল্যাটফর্মেও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হবে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি সিনেমা অভিজ্ঞতা, যেখানে একটি ছবির নির্মাণ প্রক্রিয়াই হয়ে উঠবে মূল গল্প।


জানা গেছে, এই বিশেষ প্রজেক্টে রণবীর সিং, অর্জুন রামপালসহ অন্যান্য অভিনেতাদের বাস্তব অভিজ্ঞতা, শুটিংয়ের সময়কার চ্যালেঞ্জ, প্রস্তুতি এবং আবেগকে গুরুত্ব দেওয়া হবে। এমনকি পরিচালক আদিত্য ধরও এই নেপথ্য যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবেন। দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে এতে দীর্ঘ সাক্ষাৎকার ও অপ্রকাশিত অনেক মুহূর্ত যুক্ত করা হতে পারে।



নির্মাতারা চাইছেন, ছবির কোনো গুরুত্বপূর্ণ শুটিং মুহূর্ত যাতে অনলাইনে আগেভাগে ফাঁস না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে। কারণ এই প্রকল্পের মূল আকর্ষণই হলো একেবারে আনকাট এবং বাস্তব অভিজ্ঞতা।


অন্যদিকে ‘ধুরন্ধর ২’ ইতোমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই ছবিটি রেকর্ড আয় করছে এবং একাধিক জনপ্রিয় ছবিকে পিছনে ফেলে দিয়েছে। দর্শকদের আগ্রহ এখন আরও বেড়েছে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ধাপ নিয়ে।


তবে তৃতীয় অংশ আসবে কি না, তা নিয়ে রয়েছে দ্বিধা। সংশ্লিষ্ট এক অভিনেতার বক্তব্য অনুযায়ী, জনপ্রিয়তার কারণে দর্শক আগ্রহ থাকলেও তৃতীয় কিস্তি নির্মাণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নেপথ্যের গল্প নিয়ে তৈরি নতুন এই প্রকল্প ইতিমধ্যেই আলাদা কৌতূহল তৈরি করেছে।


সব মিলিয়ে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি এবার শুধু পর্দার গল্প নয়, পর্দার পেছনের বাস্তবতাকেও সিনেমার কেন্দ্রে নিয়ে আসতে চলেছে, যা ভারতীয় চলচ্চিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।


এসএ/টিকে

মন্তব্য করুন