© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানে বিধ্বংসী দাবানল, ছড়িয়ে পড়ছে লোকালয়েও

শেয়ার করুন:
জাপানে বিধ্বংসী দাবানল, ছড়িয়ে পড়ছে লোকালয়েও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
জাপানের উত্তর উপকূলে বিধ্বংসী দাবানলে দিশেহারা সাধারণ মানুষ। আগুনে পুড়ে গেছে প্রায় দেড়শ’ হেক্টর বনভূমি। এর প্রভাব পড়েছে লোকালয়েও। জীবন বাঁচাতে এলাকা ছেড়ে চলে গেছেন কয়েক হাজার বাসিন্দা। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর কয়েকশ’ কর্মী।

ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় ধূসর হয়ে গেছে জাপানের উত্তরাঞ্চলের আকাশ। বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে বনাঞ্চল ছাপিয়ে লোকালয়ে। ওজুচি ও কিরিকিরি জেলায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা আগুন মুহূর্তেই গ্রাস করছে বিশাল বনাঞ্চল।

আগুনের ভয়াবহতা বিবেচনায় ওতসুচি এলাকার প্রায় ৭০০ পরিবারের ১৮শ’র বেশি মানুষকে দ্রুত ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে একটি বসতবাড়িও রয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে জাপান সরকার।

গত বছরও একই অঞ্চলে জাপানের ইতিহাসের অন্যতম বড় দাবানলের ঘটনা ঘটে। সেবার প্রায় ৩ হাজার হেক্টর বনভূমি ভস্মীভূত হয়। প্রাণ হারান একজন। তবে এবারের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বাতাসের গতিবেগ ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

এবি/টিএ

মন্তব্য করুন