মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিচারের আদেশ ৫ মে
ছবি: সংগৃহীত
০৯:৫৬ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
চব্বিশের গণ-আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠনের’ বিষয়ে আদেশের দিন ৫ মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বৃহস্পতিবার মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদনে শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আদেশের এদিন ধার্য করেন।
নারায়ণগঞ্জে এক শিশুসহ ১০ জনকে হত্যা ও অসংখ্য আন্দোলনকারীকে হত্যাচেষ্টার অপরাধসহ আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।
আসামিদের সবাই পলাতক।
গতকাল তাঁদের পক্ষে অব্যাহতির আবেদনে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। তাঁরা দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই এ মামলায় শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। প্রসিকিউশন আপাতদৃষ্টিতে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।
ফলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে তাঁদের অব্যাহতি দেওয়া হোক।
অন্যদিকে অব্যাহতির আবেদনে আপত্তি জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, ‘শামীম ওসমানসহ অন্য আসামিরা যোগসাজশ করে অপরাধ করেছেন। এর অকাট্য প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে; যা ইতোমধ্যে ট্রাইব্যুনালেও দাখিল করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করা হলে প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে সক্ষম হবে।’
এর আগে গত ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়।
এসকে/টিকে