মাধ্যমিকে সহকারী শিক্ষকের ২৮৪২ পদ শূন্য, নিয়োগপ্রক্রিয়া শুরু: সংসদে শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:৫৯ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শূন্য পদ পূরণের জন্য সরকার নিয়োগপ্রক্রিয়া শুরু করেছে।’ তিনি বলেন, বর্তমানে দেশের সরকারি মাধ্যমিকে মোট ২৮৪২টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।
শিক্ষামন্ত্রী জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে শূন্য পদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
এই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে নিয়োগ প্রস্তাব পাঠানো যায়। দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এহছানুল হক মিলন বলেন, ‘সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ধাপে ধাপে শূন্য পদ পূরণ করা সম্ভব হবে। নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলে স্বল্প সময়ের মধ্যেই শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং শিক্ষার মান উন্নত হবে।’
মাদরাসা শিক্ষার বিষয়ে তিনি জানান, দেশে তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং ৮২২৯টি এমপিওভুক্ত বেসরকারি মাদরাসা রয়েছে। সরকারি আলিয়া মাদরাসায় ১১৪টি পদ শূন্য রয়েছে। এমপিওভুক্ত বেসরকারি মাদরাসায় সুপারিনটেনডেন্টের ১৩৫৪টি এবং সহকারী সুপারিনটেনডেন্টের ১৭৭৭টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
এসকে/টিকে