শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানির কারণ জানতে চাইলেন জামায়াত নেতা
ছবি: সংগৃহীত
১২:০২ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি কেন, কি কারণে অস্ত্র কিংবা কুড়াল হাতে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে মানুষকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছে? সংসদ অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন চুয়াডাঙ্গা- ২ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর নেতা মো. রুহুল আমিন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব’ আলোচনায় প্রধানমন্ত্রীর প্রতি এ প্রশ্ন করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এখন অস্ত্রের ঝনঝনানি কি কারণে এমন প্রশ্ন তুলে মো. রুহুল আমিন বলেন, ‘সহজ সাবলীনভাবে চলাফেরা যে উদ্যোগ বর্তমান প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন সেই উদ্যোগগুলো চমৎকারভাবে মানুষ গ্রহণ করেছে। কিন্তু সাধারণ মানুষ এ কথা বলার পর আবার ওনারাই বলেন এই ভালো একজন প্রধানমন্ত্রীর পরও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এখন অস্ত্রের ঝনঝনানি কি কারণে হচ্ছে? কি কারণে অস্ত্র হাতে, দা হাতে, কুড়াল হাতে মানুষ শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে ঢুকে। মানুষকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছে।’
তার এলাকায় ভিজিএফের চাল নিয়ে হত্যার ঘটনা ও সহোদর ভাই হত্যাকাণ্ডের বিচার হয়নি দাবি করে তিনি বলেন,‘স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, কী কারণে এই জাতি তা জানতে চায়।’ একই সঙ্গে আমাদের সন্তানরা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া সংসদ ভাষণে চুয়াডাঙ্গায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ভারী শিল্প প্রতিষ্ঠান ‘কেরু অ্যান্ড কোম্পানি’কে বিএমআরই করে ১২ মাস কীভাবে চালানো যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ইউটি/টিএ