মেহেরপুরে বেশি দামে ডিজেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত
১০:১৬ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
মেহেরপুর সদর উপজেলায় বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সদর উপজেলার আমঝুপি এলাকায় অবস্থিত মোহসিন ট্রেডার্স এজেন্সিতে প্রথম অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতা যাচাই করতে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই এক স্টাফকে কৃষক সেজে ক্রেতাদের লাইনে দাঁড় করানো হয়। তিনি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল ক্রয় করলে অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
পরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটির মালিক অভিযোগ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এলাকায় অবস্থিত আমিনুল ট্রেডার্স এজেন্সিতেও অভিযান চালানো হয়। সেখানে বেশি দামে তেল বিক্রির প্রমাণ মেলায় ভ্রাম্য
মাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, বেশি দামে ডিজেল বিক্রির সংবাদের ভিত্তিতে গোপনে যাচাই-বাছাই করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কেএন/এসএন