© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের সমাবেশ আজ

শেয়ার করুন:
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের সমাবেশ আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬

গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস। এই সমাবেশে বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানান আয়োজকেরা। ইতোমধ্যে কর্মসূচি সফল করতে মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে।

গণসমাবেশে যোগ দিতে ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। বাস, লঞ্চ এবং ট্রেনে চড়ে তীব্র গরম উপেক্ষা করে কর্মসূচিতে যোগ দিতে এসেছেন দলটির নেতাকর্মীরা। গণসমাবেশে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন৷

গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা৷

সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। গণসমাবেশে যোগ দিতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা৷
 
নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করতে দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়। আয়োজকদের দাবি গণসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে কয়েক লক্ষ লোক জড়ো হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

এসএস/এসএন

মন্তব্য করুন