বিশ্বকাপ ফাইনালের ৪ টিকিটের দাম ২৮ কোটি ২২ লাখ টাকা!
ছবি: সংগৃহীত
০৬:০৭ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
ফিফার পুনঃবিক্রয় সাইটে বিশ্বকাপ ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার মূল্য ঠিক ২৩ লাখ ডলারের নিচে। বাংলাদেশি মুদ্রায় এই টিকিটগুলোর দাম সব মিলিয়ে ২৮ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকা!
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালের জন্য এই ২২ লাখ ৯৯ হাজার ৯৯৮ ডলারের টিকিটগুলোর আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকে ৩৩-৩৬ পর্যন্ত, একটি গোলের পেছনে নিচের ডেকে অবস্থিত আসনগুলো।
ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দাম নির্ধারণ নিয়ন্ত্রণ করতে পারে না ফিফা। তবে প্রত্যেক টিকিটের জন্য ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ ফি পাবে।

ফাইনালের জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার। একটি গোলপোস্টের পেছনে আপার ডেকে ৩২৩ ব্লকের চারটি সারির চারটি আসনের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে।
ফিফার কাছে ইমেইলে এই ব্যাপারে মন্তব্য জানতে চাইলে তারা কোনো উত্তর দেয়নি।
এসকে/টিকে