ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাস-দখলদারি রাজনীতি ফিরে আসছে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
০৮:০৪ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
ক্যাম্পাসগুলোতে মেধা ও যোগ্যতার রাজনীতির বিপরীতে আবারও সন্ত্রাস ও দখলদারি রাজনীতি ফিরে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার একটি চিত্র আবারও দেখা যাচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের লড়াই এখনো শেষ হয়নি, বরং আরও দীর্ঘায়িত হয়েছে। আগামী দিনে মেধা ও যোগ্যতার রাজনীতি প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। এজন্য সারাদেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা জরুরি।’
জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব নিয়ে সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেন, ‘অনেকে বলেছিলেন নির্বাচনের পর এনসিপি থাকবে না। কিন্তু আমরা দেখছি, বিরোধী দলে থাকা সত্ত্বেও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করার ফলে এনসিপি এগিয়ে চলছে। সারাদেশের চিন্তাশীল রাজনৈতিক ব্যক্তিরা, এমনকি যারা আগে রাজনীতিতে ছিলেন না, তারাও এই দলে যোগ দিচ্ছেন। এই সিলসিলা ইনশাআল্লাহ চলতে থাকবে।’
দলের নীতি স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘যারা ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে জড়িত নয়, তাদের জন্য জাতীয় নাগরিক পার্টির দরজা সবসময় উন্মুক্ত। তাদের যথাযোগ্য সম্মান দিয়ে কাজ করার সুযোগ দেওয়া হবে।’ আসিফ মাহমুদ অভিযোগ করেন, বর্তমান বিএনপিকে চেনা যাচ্ছে না।
তিনি বলেন, ‘আমরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যে আদর্শিক বিএনপিকে দেখেছিলাম, এখনকার বিএনপি তেমন নয়। তারা আওয়ামী লীগের সংস্কৃতি ও বাহাত্তরের সংবিধানের রাজনীতি করছে। ফলে প্রকৃত জাতীয়তাবাদীরা এখন এনসিপিতে যুক্ত হচ্ছেন।’
একই অনুষ্ঠানে বিএনপির নাম উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘চাঁদাবাজিকে ধারণ করে আগামী বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না। আপনাদের এমন পথ বেছে নিতে হবে, যা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ।’
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলে এবং জুলাই গণঅভ্যুত্থানের বিরোধী না হলে যেকোনো দলের নেতা-কর্মীদের জন্য এনসিপির দরজা খোলা। তিনি আহ্বান জানান, ‘আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর রাজনীতি করতে চান, তবে এনসিপিতে আসুন। পুরোনো সিন্ডিকেট ভেঙে নতুন করে নির্বাচন করুন, এনসিপি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।’
তারেক রহমানের দেশে ফেরা এবং সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘তিনি (তারেক রহমান) বলেছিলেন দেশে ফেরা কেবল তার ইচ্ছার ওপর নির্ভর করে না। আমরা জানতে চাই, কোন কোন দেশের বা এজেন্সির কাছে দস্তক দিয়ে তিনি দেশে এসেছেন। এখন তিনি গণভোটকে অবৈধ বলার সাহস দেখাচ্ছেন।’
সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সরকার গঠনের দুই মাস পার হলেও পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে আমাদের ভাই ওসমান হাদি হত্যাকারীদের ফিরিয়ে আনতে পারছেন না। কোথায় বা কিসের স্বাক্ষরের জন্য তাদের আনা যাচ্ছে না, তা আমাদের জানা প্রয়োজন।’
এসকে/টিকে