© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেবিদ্বারে ডিজেল চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

শেয়ার করুন:
দেবিদ্বারে ডিজেল চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৮:৫৩ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
কুমিল্লার দেবিদ্বারে তেলভর্তি ট্যাংক লরি থেকে চালকের সহায়তায় ডিজেল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্যাংক লরির চালক পালিয়ে যান।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘অভিযানে একটি প্লাস্টিক ড্রামে ২০০ লিটার, তিনটি ছোট প্লাস্টিক কন্টেইনারে ৭০ লিটার এবং দোকানে তল্লাশি চালিয়ে আরও তিনটি কন্টেইনারে ৭০ লিটারসহ মোট ৩৪০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া পদ্মা কোং লিমিটেডের একটি ট্যাংক লরি জব্দ করা হয়েছে।’

গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদনগর উপজেলার মুরাদনগর গ্রামের রেনু মেম্বারের ছেলে শাহীন মিয়া (৪৮) এবং দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩০)।

সূত্র জানায়, চোরচক্রটি তেল সংকটের পর থেকে পদ্মা কোং লিমিটেডের ট্যাংক লরি এবং বিভিন্ন তেল পাম্প থেকে ডিজেল সংগ্রহ করে মজুদ রেখে অধিক দামে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পদ্মা কোং লিমিটেডের একটি তেলভর্তি ট্যাংক লরি থেকে পাইপের মাধ্যমে প্লাস্টিকের ড্রামে ডিজেল নেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার শাহীন ও জুয়েল এবং পলাতক চালক মোরশেদকে আসামি করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কালোবাজারি ও মজুদদারির অভিযোগে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ২৫(১) ধারায় মামলা দায়ের করেছে।

টিকে/

মন্তব্য করুন