চাঁপাইনবাবগঞ্জের সব রুটে যানবাহন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
১০:১৫ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সব রুটে বাস, মিনিবাস, ট্রাক ও ট্যাংক-লরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো রুটে পরিবহন চলাচল করেনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে সোনামসজিদ স্থলবন্দরের ট্রাক কর্মবিরতির বাইরে রয়েছে।
স্থানীয়রা জানায়, এসব শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব পুরাতন। আগেও বারবার সংগঠনগুলোর দ্বন্দ্বের কারণে পরিবহন সংকট সৃষ্টি হয়েছে।
এবার কর্মবিরতিতে জেলা সদর থেকে বিচ্ছিন্ন কয়েকটি ছাড়া কোনো পরিবহন চলাচল করছে না। তবে শহর কেন্দ্র থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রাজশাহীর গোদাগাড়ীর বালিয়াঘাট্টা নামক স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জের কিছু বাস বিভিন্ন রুটে চলাচল করছে।
এ বিষয়ে ট্রাক-ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, ‘শহরের হরিপুরে তিন হাজার ৮৩ বাস থেকে চাঁদাবাজি করছে। অনেক চেষ্টা করেও তাদের থামানো যাচ্ছে না।’
অপরদিকে বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘বাস প্রতি ৩০ টাকা করে চাঁদা নয় ‘সার্ভিস চার্জ’ নেয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনায় শ্রমিক কল্যাণ ও সংগঠনের খরচ সম্পাদনের জন্য এ চার্জ নেওয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্টরা অবগত।’
এসকে/টিকে