বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু
ছবি: সংগৃহীত
১১:১৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় বড়পুকুরিয়া ৫২৫ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। রাত ৮টা থেকে এ ইউনিট থেকে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হচ্ছে। এর জন্য দৈনিক ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে।
এর আগে, কয়লার সঙ্গে পাথর আসার কারণে গত ২২ এপ্রিল রাত ১০টায় বন্ধ হয়ে যায় ইউনিটটি।
প্রধান প্রকৌশলী আরো বলেন, ‘প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড সরবরাহ করা হচ্ছে। ইউনিট চালু হওয়ায় এ অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমবে আশা করা হচ্ছে।’
প্রসঙ্গত, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সরবরাহ করা কয়লার ওপর নির্ভর করে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়। ২০২০ সালের নভেম্বর মাস থেকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে।
এমআর/টিকে