ভোলায় ২,৮৫০ লিটার জ্বালানি তেল ও ৯০০ লিটার ভেজাল ভোজ্যতেল জব্দ
ছবি: সংগৃহীত
১২:২০ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল ও ৯০০ লিটার ভেজাল ভোজ্যতেল জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতখান উপজেলার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় কোস্ট গার্ড ভোলা বেইস একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার ছয়টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্যতেল জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা। পরে জব্দকরা জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রি করা হয় এবং ভেজাল ভোজ্যতেল বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আইকে/টিএ